• আজ

    আইএমএফের ঋণ নিয়ে চা-সিগারেট খাবো না : পরিকল্পনামন্ত্রী

    আইএমএফের ঋণ নিয়ে চা-সিগারেট খাবো না : পরিকল্পনামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৮:১০ অপরাহ্ণ

    আইএমএফ থেকে ঋণ নিয়ে এসে চা-সিগারেট খেয়ে ফুরিয়ে দেবো না, আড্ডাবাজি করবো না। আমরা দেশের উন্নয়নে তা কাজে লাগাবো বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    তিনি বলেন, ঋণ নেওয়া নতুন কিছু নয়। আমরা অতীতেও ঋণ নিয়েছি। সব রাষ্ট্রই ঋণ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রও ঋণ নেয়। সৌদি আরবও ঋণ নেয়। সুতরাং ঋণ নেওয়া, ঋণ ফেরত দেওয়ার আমাদের পরিষ্কার রেকর্ড আছে। আমরা ঋণ নিয়ে যথাযথ কাজে লাগিয়ে, প্রশিক্ষণ বা উন্নয়নের কাজে লাগাবো।

    আজ বুধবার (২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে যুবমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

    মন্ত্রী দেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের দেওয়া নানা সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই। তাদের সব কথা আমরা গিলবো না, প্রয়োজন নেই। তারা (আইএমএফ) তাদের কাজ করে যাবে। আমরা আমাদের কাজ করবো।

    পরিকল্পনমন্ত্রী বলেন, আইএমএফ হোক, বিশ্বব্যাংক হোক, খবরের কাগজে ভর্তি খবর- তারা এটা বলছে, তারা ওটা বলছে। এটা করতে হবে, ওটা করতে হবে। আমাদের এগুলো পড়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কাজে মনোযোগী হতে হবে। অন্যের কথা শোনা ভালো, তবে কাজ করতে হবে নিজের বিদ্যায়, নিজের বুদ্ধিতে। আমরা আইএফ দ্বারা পরিচালিত নই, বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত নই। আমরা অন্য কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত নই।

    তিনি বলেন, তবে আইএমএফ যে কথা বলে না, বিশ্বব্যাংকও যে কথা বলে না- সেটাকে একটি মহল সাজিয়ে গুছিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের পরিবেশনা এখানে ছড়ায়। বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলবো, অনুগ্রহ করে এগুলো গিলবেন না। আমি গিলবো না, প্রয়োজন নেই। এরা তাদের কাজ করবে। তাদের কাজ করে যাবে। আমরা আমাদের কাজ করবো।

    দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমি আবার বলবো ভয় পাওয়ার কোনো বিষয় নয়। একটি সময় যাচ্ছে খারাপ, সব দেশের জন্য খারাপ সময়। এরমধ্যেও আমাদের উৎপাদন… অনেক অনেক দেশের তুলনায় ভালো এখন। তবে হ্যাঁ টানাটানি আছে, অস্বীকার করা বোকামি হবে। এই মুহূর্তে আমাদের মিতব্যয়ী হতে হবে। মূল্যস্ফীতি দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাহুল্য বর্জন করতে হবে।

    অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বক্তব্য রাখেন। ২ নভেম্বর শুরু হওয়া সাত দিনের এই মেলা শেষ হবে ৮ নভেম্বর। মেলায় ১০২টি স্টল রয়েছে, যেখানে হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০