- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মে ২০২৫ | ৬:০০ অপরাহ্ণ
মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকফিউ বন্দরের কাছে সামরিক জান্তার শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মো অং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কিয়াউকফিউ শহরের কয়েকটি সামরিক ঘাঁটি এবং একটি পুলিশ স্টেশন দখলে নেয় বিদ্রোহীরা। থাইল্যান্ডভিত্তিক সংবাদ ইরাবতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা সূত্রে জানা গেছে, কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে পিয়াং সি কে এলাকায় জান্তা সেনার একটি ব্যাটালিয়নের সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। কিয়াউকফিউ-রাম্রি জাতীয় সড়কের পাশে পিয়াইন সি কাই জনপদও দখল করেছে তারা। তবে কিয়াউকফিউ শহরে মোতায়েন একটি সেনা ব্রিগেড এখনও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তার অদূরে রয়েছে চীনের একটি তেল শোধনাগার। সেখানে এখনও ঢোকেনি বিদ্রোহীরা।
রাখাইনের গণমাধ্যমের খবর অনুযায়ী, কিয়াকফিউতে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিনিয়োগ রক্ষাকারী চীনা বেসরকারি নিরাপত্তা গোষ্ঠীগুলো ড্রোন হামলায় শাসকগোষ্ঠীকে সহায়তা করছে বলে জানা গেছে।
এদিকে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারেন এবং মন রাজ্যেও জান্তা বাহিনী বড় ধাক্কা খেয়েছে। বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন ( কেনএনইউ) এবং তাদের মিত্র পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জান্তা বাহিনীর অন্তত ১২টি ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে।
বিশেষ করে কারেন রাজ্যের বায়িন্ত নাউং পার্বত্য এলাকায় শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ একটি সামরিক ফাঁড়ি দখলে নেয় কেএনইউ বাহিনী।
মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে সেনা সরকারের বিরুদ্ধে সংঘাত জোরদার হয়েছে। সাম্প্রতিক এসব সাফল্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য একটি কৌশলগত অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||