• আজ

    জনগণের দাবি পূরণ করে সুন্দর নগর গড়তে চাই: মেয়র আতিক

    জনগণের দাবি পূরণ করে সুন্দর নগর গড়তে চাই: মেয়র আতিক

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৭:৩৬ অপরাহ্ণ

    আজ নগরবাসীর সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি জানতে ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন ও স্থানীয় জনগণকে নিয়ে মতবিনিময় সভা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

    আজ বুধবার (২ নভেম্বর) সকালে ১৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় প্রতি ওয়ার্ডে ঘুরে ভোট চেয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হয়ে উত্তর সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। জনগণের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনার জন্য আমি প্রতি ওয়ার্ডে পরিদর্শন ও মতবিনিময় সভা শুরু করেছি। জনগণের কাছে গিয়ে তাদের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই আমি এসেছি। জনগণের দাবি পূরণ করে সুন্দর নগর গড়ে তোলাই আমার লক্ষ্য।

    কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডে ঘুরে সমস্যা চিহ্নিত করবেন ও ব্যবস্থা নেবেন উল্লেখ করে মেয়র বলেন, জনগণকে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাউন্সিলররা জনগণের কাছে যাবেন। ওয়ার্ডে ঘুরে ঘুরে সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেবেন। তাদের মাঠে থাকতে হবে। জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এলাকায় এমন কিছু সমস্যা থাকে যেগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সমাধান সহজ হয়।

    ডিএনসিসি মেয়র আরও বলেন, মেট্রোরেল চালু হলে ১৩ নম্বর ওয়ার্ড এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। প্রধানমন্ত্রী ওপর দিয়ে মেট্রোরেল তৈরি করে দিয়েছেন। এখন নিচের রাস্তাগুলো করে প্রশস্ত করে মেট্রোরেলের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে দেবো। আইসিএম (ইন্টিগ্রেটেড করিডোর ম্যানেজমেন্ট) প্রকল্পের আওতায় এই কাজগুলো সম্পন্ন করা হবে।

    এ সময় রাস্তা প্রশস্ত করার জন্য নগরবাসীকে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

    আতিকুল ইসলাম বলেন, নগরের উন্নয়নে জনগণের সহযোগিতার বিকল্প নেই। জনগণ ঠিকমতো নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে উন্নয়ন কাজ করার জন্য সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে। ট্যাক্স পরিশোধ করতে এখন আর সিটি করপোরেশনে যেতে হয় না। অনলাইনে ঘরে বসে ট্যাক্স দিন। জবাবদিহির মাধ্যমে আমরা নাগরিক সেবা পৌঁছে দিতে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছি। দ্রুত সময়ের মধ্যে অনলাইনে ট্রেড লাইসেন্সও প্রদান করা হবে।

    ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলাপাত্র, ছাদ কিংবা অন্যকোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন। জনগণের আন্তরিক সহযোগিতায় গত ঈদে মাত্র ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অতএব জনগণ সহযোগিতা করলেই এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব।

    আতিকুল ইসলাম বলেন, বাসাবাড়ির পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে বা খালে দেওয়া যাবে না। নিজেদের বাসাবাড়িতে নিজস্ব ব্যবস্থায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। খালগুলোকে বাঁচাতে হবে। জলাশয় বাঁচাতে হবে।

    এ সময় স্থানীয় জনগণ মেয়রের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা মাঠের দাবি জানালে মেয়র বলেন, এই এলাকায় সিটি করপোরেশনের নিজস্ব জমি নেই খেলার মাঠ নির্মাণের জন্য। আমরা বিভিন্ন সংস্থার কাছে জমি চেয়েছি। তারা যদি হস্তান্তর করে তাহলে আমরা খেলার মাঠ নির্মাণ করে দেবো। বিভিন্ন এলাকায় খাসজমি রয়েছে। অনেক খাসজমি বেদখল হয়ে গেছে। এগুলো খুঁজে বের করে খেলার মাঠ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

    সভায় বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র মাসব্যাপী মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে ট্রাকে উঠে নিজে মাইকিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করেন। মনিপুর এলাকার কয়েকটি রাস্তায় ঘুরে জনগণের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন।

    মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১