- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ
ব্যাপক অনিয়মের কারণে স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৪ জানুয়ারি)। আলোচিত এই নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, ‘গাইবান্ধা উপনির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে করার জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনিয়মের কারণে গাইবান্ধা উপনির্বাচনটা বন্ধ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রত্যেকটা সিচুয়েশন আমরা মনিটর করছি এবং নির্দেশনা দিচ্ছি এবং অ্যাকশন নিচ্ছি। কোনো অনিয়মকে প্রশ্রয় একেবারে দেব না। জাতির সামনে একটি সুন্দর ইলেকশন উপহার দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা অস্বচ্ছতার প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। যেটার প্রতিফলন হয়েছিল গাইবান্ধা ইলেকশনে। এটা আবার ইলেকশন হতে যাচ্ছে। আমাদের কাছে কোনো ছাড় নাই।’
এই নির্বাচন কমিশনার বলেন, ‘যে সমস্ত ছোট-খাটো ঘটনা ঘটেছে, প্রচারণার সময় বা প্রচারণা বন্ধ হলেও কেউ কেউ প্রচারণা করার চেষ্টা করেছে, আমরা কিন্তু তা কঠিন হাতে দমন করেছি। পুলিশ বা জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে অ্যাকশন নেওয়া হয়েছে।’
আগামীকাল বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোটগ্রহণের মাঝপথে এটি বন্ধ করা হয়েছিল। গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি এই নির্বাচনও বর্জন করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||