- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:৩৭ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
জাতীয় সরকারের নামে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, আদর্শহীন রাজনৈতিক দলের নেতাদের লাড্ডু দেখাচ্ছে বিএনপি। আর কেউ কেউ তাদের কথায় নাচছেন।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন প্রান্তিক কর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। একটার পর একটা ইস্যু তৈরি করে দেশের শান্তি বিনষ্ট করতে থাকে। এখন আবার তারা জাতীয় সরকারের নামে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। তারা নাকি ক্ষমতায় গেলে বিভিন্ন দল থেকে মন্ত্রী বানাবে। কিন্তু কাকে কী মন্ত্রী বানাবে সেটা নিয়ে কিছু বলে না। তারা সবার সঙ্গে প্রতারণা করে।
শেখ জামালের কথা স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধুর মেঝো পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল অনেক মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন। তিনি বীরত্বের সঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনিও বঙ্গবন্ধুর মতো দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতো একজন যোগ্য ও আদর্শিক মানুষ হতেন। দেশের মানুষের জন্য কাজ করে যেতেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত এদেশে অপরাজনীতি করে। এরা দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এদের একটাই স্বপ্ন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা নেওয়া। এই বিএনপি-জামায়াত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে। এরা বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা সবসময় বাংলাদেশের অগ্রগতি থামানোর জন্য মিথ্যাচার করতে থাকে। এরা কখনো চায় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হোক।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দিতে চায়। এরা বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করে পাকিস্তানি তালেবানি শাসন কায়েম করতে চায়। এরা চায় তালেবান ও পাকিস্তানের আদলে দেশ চালাতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান পরাজিত হওয়ায় এদের মনে অনেক কষ্ট। তাই এখনও তারা দেশকে পাকিস্তান বানাতে চায়।
তিনি বলেন, এরা একসময় যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সন্ত্রাসের রাজত্ব – গডফাদারদের রাজত্ব কায়েম করেছে, জনগণ তা ভুলে যায়নি। ৩০ লাখ শহীদের রক্তের মর্যাদা ও সম্মান যাদের কাছে নেই, দুই লাখ মা-বোনের ইজ্জতের মূল্য যাদের কাছে নেই- সেই বিএনপি বাংলাদেশ বিরোধী অপশক্তিতে পরিণত হয়েছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। তারা অনির্বাচিত সরকায় চায়। তাদের যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় তাহলে তারা খুশি।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশকে ধাপে ধাপে এমন এক জায়গায় নিয়ে গেছেন, যা বিশ্বের মানুষের কাছে এক উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে প্রতিষ্ঠিত, যার সব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবসময় কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কারও কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। আর আমরা যদি নীতি-আদর্শ ঠিক রাখতে পারি তাহলে তাদের সব ষড়যন্ত্র রুখতে পারবো। তাদের সব অপরাজনীতি প্রতিহত করতে পারবো। সেটা যে কোনো ষড়যন্ত্রই হোক। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর যে চেষ্টা করছে আমরা কখনোই সেটা করতে দেবো না। বিএনপির ষড়যন্ত্রকে দেশের মানুষ আর সমর্থন করে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়ার পথ আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী শহিদুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||