- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুলাই ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ
দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে উল্লেখ করে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। সংস্কার বিএনপিই করেছে, প্রস্তাবও বিএনপিই দিয়েছে। তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই।”
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়ে বলেন, “সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ হারিয়ে ফেললে দেশ অনেক বছর পিছিয়ে যাবে। প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে। সুযোগ হাতছাড়া করা যাবে না।”
দেশের রাজনৈতিক দলগুলো ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদমুক্ত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে।” তিনি আশা প্রকাশ করেন, সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন, তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন, যাতে সবাই মিলে দেশ গড়তে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, “সবাই যেন একটি বিষয়ে একমত হই, যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেই।”
বিএনপি মহাসচিব দৃঢ়তার সঙ্গে বলেন, “বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই, ইচ্ছেও নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চায়।” তিনি বিশ্বাস করেন, কোনো বাধাই তাদের থামাতে পারবে না। “একাত্তর আর স্বাধীনতা মূল কথা, সেখানে কোনো ছাড় নেই। গণতন্ত্রের দিকে যেতে হবে,” যোগ করেন তিনি।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জেএসডির তানিয়া রব প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||