• আজ

    লঘুচাপের প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

    লঘুচাপের প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১:৩১ অপরাহ্ণ

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে দু-একদিনের মধ্যে দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্য-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

    শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। গতরাতে ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে।

    শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, সৈয়দপুর ও পঞ্চগড় জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি প্রশমিত হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

    তিনি আরও জানান, আগামী দুদিন দেশের উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য অংশে বৃষ্টি থাকবে। পরবর্তী পাঁচদিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১