• আজ

    শেওড়াপাড়ায় আজও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

    শেওড়াপাড়ায় আজও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৩ | ১০:৩৩ পূর্বাহ্ণ

    তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে হচ্ছে। এতে অফিসগামী লোকজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

    বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

    শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুরের শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। দাবি না মানায় তারা সকাল থেকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করেন।

    মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শ্রমিকরা এখন তাদের গার্মেন্টসের সামনে অবস্থান করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছি। শ্রমিকদের দাবি কারখানা স্থানান্তরের আগে তাদের যেন তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হয়। শ্রমিকরা সন্দেহ করছেন মালিকপক্ষ কারখানা স্থানান্তরের কথা বলে মূলত গার্মেন্টস বন্ধ করে দেবে।

    খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিকরা সড়ক অবরোধের কারণে সকাল থেকে শেওড়াপাড়া দিয়ে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শেওড়াপাড়ায় যান চলাচল ব্যাহত হওয়ার কারণে কাজীপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০