- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে দেখা করতে যাওয়া শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচারসহ বেসরকারি কারিগরি শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা আদায়ের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সব শিক্ষক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রায় ৩০০ প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘ ১৭ বছর ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত। বারবার লিখিত আবেদন করেও কোনো সুরাহা না পেয়ে গত ২৩ জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজির সঙ্গে কথা বলতে গেলে ‘লেলিয়ে দেওয়া সন্ত্রাস বাহিনী’ শিক্ষকদের ওপর আকস্মিক হামলা করে এবং পাঁচ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়ে ডিজির দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে শিক্ষকদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় ডিজিসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করলেও মূল হোতারা বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
মানববন্ধনে এ হামলার বিচার দাবি জানিয়ে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরে কয়েকজন অধ্যক্ষ ও শিক্ষকদের ওপর হামলাকারীদের দেশের শিক্ষক সমাজের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কারিগরিবান্ধব, মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কার্যক্রম ডিজিটালাইজড ও ডিসেন্ট্রেলাইজড করতে হবে। এমপিওভুক্তির জন্য আবেদন করা শিক্ষক-কর্মচারীদের নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগকালীন জনবল কাঠামোর প্রাপ্যতা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতাদি দিতে হবে। কথায় কথায় তদন্ত, নাম পরিচয়বিহীন অভিযোগের নামে তদন্ত ও অধিদপ্তরের ওয়েবসাইটে সারাদেশে কারিগরি শিক্ষাব্যবস্থাকে হেয় করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
তারা আরও বলেন, এমপিও শাখাসহ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-কমচারীদের ডেপুটেশনে পদায়ন করতে হবে। বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে ল্যাব, অবকাঠামো উন্নয়ন, সব শিক্ষার্থীর উপবৃত্তি প্রদানসহ বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।
বক্তারা বলেন, বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতায় যোগ্যতাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার জন্য বিশ্বায়নের প্রতিযোগিতার উপযোগী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন দেশের কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিশেষ ট্রেড চালুর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||