• আজ

    আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: তাজুল ইসলাম

    আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: তাজুল ইসলাম

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে কেউ হামলা-ভাঙচুর ও বোমাবাজি করে জনজীবন অতিষ্ঠ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আন্দোলন গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই অধিকারের নামে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দুর্বিষহ করে তোলার অধিকার কারও নেই। এ ব্যাপারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

    আজ শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ শেষ বা ধ্বংস হয়ে গেলো, মানবতা ভূলুণ্ঠিত হলো বলে যারা চিৎকার করছেন তারা প্রমাণ করে দেন কীভাবে দেশ শেষ হয়ে গেলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন লড়াই-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছেন মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। সেই স্বপ্ন পূরণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর স্বাধীনতা বিরোধীচক্র দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, বাংলাদেশ পথ হারাবে না বলেও উল্লেখ করেন তিনি।

    তাজুল ইসলাম জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের মানুষ কষ্টে আছে। আমাদের দেশের মানুষের উপরেও প্রভাব পড়েছে। করোনা সংকটের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে আসন্ন মহাসংকট মোকাবিলা করার জন্য। এটা সাময়িক। এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    এ প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ইউকেতে এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে আসবে বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আরও অনেক দেশে সংকট তৈরি হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডল ও অন্যান্য দেশের পরিবেশ পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করলে একথা অস্বীকার করা যাবে না যে আমরা ভালো আছি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের কল্যাণ চান। তিনি যখন যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা অবশ্যই জনকল্যাণমূলক। জনগণের কল্যাণের কথা চিন্তা করেই শেখ হাসিনা সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০