• আজ

    রাজধানীসহ দেশের ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

    রাজধানীসহ দেশের ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৮:২৩ অপরাহ্ণ

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, রাজধানীসহ দেশের ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্যানিং এবং প্রতিরোধ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা হচ্ছে, এর চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালে সিটের অভাব হবে না। কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।

    সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য পর্যাপ্ত সিটের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে আরও সিট বাড়ানো হবে। তবে হাসপাতালে সিট বাড়িয়ে বা কেবল চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এজন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও জোরালোভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও দায়িত্ববান হতে হবে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের অনিয়ন্ত্রিত জীবনব্যবস্থা ও সচেতনতার অভাবে দুরারোগ্য ব্যাধি বাড়ছে। ক্যান্সারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

    দেশে নারীদের স্তন ক্যান্সারের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে প্রায় সাত হাজার নারী মারা যাচ্ছেন। জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন আট হাজার নারী এবং মারা যাচ্ছেন পাঁচ হাজার। এ ছাড়াও পরীক্ষা না করার কারণে শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেক নারী।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০