- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩ | ৫:৪১ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যে কোনো অনাকাঙিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
এছাড়া র্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে। নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।
এদিকে দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার আমরা সব করবো। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।
ডিএমপি কমিশনার নির্বাচন ভবনে আসার কিছুক্ষণ আগে নির্বাচন ভবনে আসেন সিইসি। আগে যেখানে পুলিশের একটি টিম তাকে নিরাপত্তা দিতো, সেখানে দু’টি টিম তার নিরাপত্তা দিচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||