• আজ

    মাতৃভাষা দিবস পালন নির্বিঘ্ন করতে যা ডিএসসিসির কর্মসূচি

    মাতৃভাষা দিবস পালন নির্বিঘ্ন করতে যা ডিএসসিসির কর্মসূচি

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

    অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন নির্বিঘ্ন করতে এবারও বিশাল কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আজিমপুর কবরস্থানে তিনজন ভাষা শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

    করপোরেশনের যান্ত্রিক ও পরিবেশ সার্কেলসহ প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ এবং প্রশাসন শাখা থেকে অমর একুশে ফেব্রুয়ারি পালন সুচারূভাবে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম এরই মধ্যে শেষ করা হয়েছে।

    কার্যক্রমের অংশ হিসেবে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি- কাকরাইল মসজিদ-মৎস ভবন-শিক্ষা ভবন-দোয়েল চত্বর-কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট হয়ে আব্দুল গণি রোড-শিক্ষা ভবন-দোয়েল চত্বর-কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্বর হয়ে পলাশী-আজিমপুর কবরস্থান পর্যন্তসহ সংলগ্ন আশপাশের এলাকার ফুটপাত, সড়ক বিভাজক, সসার ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

    বর্ণিত এলাকার ঝুঁকিপূর্ণ ব্যানার অপসারণ করা, সড়কের পটহোলস, ক্রসকাটিং, ফুটপাত ও সড়ক বিভাজক মেরামত ও রং করা, বৈদ্যুতিক বাতি সচল রাখা এবং মিডিয়ানের গাছের ডালপালা ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের চারপাশে রোড মার্কিং, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে। আগত দর্শনার্থীদের জন্য দুটি ‘মোবাইল টয়লেট’ লরি সরবরাহ করা হয়েছে।

    এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা বুধবার পর্যন্ত চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকার রাস্তায় বৈদ্যুতিক বাতির সচলতা নির্বিঘ্ন রাখতে গ্রহণ করা হয়েছে বিশেষ উদ্যোগ। এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা ও বৈদ্যুতিক বাতি সচল রাখতে তাৎক্ষণিকভাবে সব ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

    একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০